মো. সুমন চৌধুরী, রাজশাহী (তানোর) প্রতিনিধি
রাজশাহী বিভাগীয় শহরে সিএনজি চালিত যানবাহনের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলেও গ্যাস পাম্পের তীব্র সংকটে চরম দুর্ভোগে পড়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। নগরীর খড়খড়ি বাইপাস রোডের ‘মেসার্স এন বি সিএনজি স্টেশন’ গত কয়েক বছর ধরে একচেটিয়াভাবে সেবা প্রদান করে আসলেও, পাম্পটির ওপর অতিরিক্ত চাপের কারণে প্রতিদিন চালকদের গ্যাস নেওয়ার জন্য ৪ থেকে ৫ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যা তাদের দৈনিক আয়ের ওপর বিরূপ প্রভাব ফেলছে। সচেতন মহল ও পরিবহন শ্রমিক নেতাদের মতে, একটি বিভাগীয় শহর হিসেবে রাজশাহীতে অন্তত ২ থেকে ৩টি সিএনজি স্টেশন থাকা আবশ্যক, কিন্তু ব্যবসায়িক সিন্ডিকেট ও প্রশাসনিক জটিলতার কারণে নতুন কোনো পাম্পকে গ্যাস সরবরাহের অনুমতি দেওয়া হচ্ছে না। বেসরকারি খাতের উদ্যোক্তারা বলছেন, বাজারে সুস্থ প্রতিযোগিতা ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে নতুন পাম্প চালুর অনুমোদন দেওয়া এখন সময়ের দাবি। ভুক্তভোগীদের অভিযোগ, বিগত সরকারের আমলের ব্যবসায়িক সিন্ডিকেট এখনো সক্রিয় থাকায় নতুন উদ্যোক্তারা পাম্প চালুর উদ্যোগ নিলেও বাধাগ্রস্ত হচ্ছেন, যার ফলে দীর্ঘ অপেক্ষায় চালকদের শারীরিক ও আর্থিক ক্ষতির পাশাপাশি যাত্রীরাও সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। এমতাবস্থায়, জনভোগান্তি লাঘব এবং পরিবহন খাতে স্বাভাবিক গতি ও শৃঙ্খলা ফেরাতে দ্রুত তদন্ত সাপেক্ষে নতুন সিএনজি স্টেশন স্থাপনের অনুমতি প্রদানের জন্য রাজশাহী জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পরিবহন সংশ্লিষ্ট অংশীজনরা।