সুবর্ণ বিশ্বাস,ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক অভিযানে ৬ কেজি গাঁজাসহ নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা বলে নিশ্চিত করেছে পুলিশ।
গত ৬ আগস্ট ঝিনাইদহ জেলার হাটগোপালপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ২০ বছর বয়সী সাহারন নেছা নামের এক নারী রয়েছেন। তিনি কুষ্টিয়া পৌরসভার হাউজিং এলাকার কদমতলার বাসিন্দা এবং তাঁর স্বামী জমিরের স্থায়ী ঠিকানা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বহলবাড়িয়া এলাকায়।
ডিবি পুলিশ জানায়, মাদক বেচাকেনা ও পরিবহনের গোপন তথ্য পেয়ে হাটগোপালপুর এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। গতিবিধি সন্দেহজনক মনে হলে সেখান থেকে দুইজনকে আটক করে ডিবি পুলিশ। পরে তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৬ কেজি গাঁজা।
ঘটনার পরপরই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, জেলাকে মাদকমুক্ত রাখতে এবং মাদকের রুটগুলো বন্ধ করতে ডিবি পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকের পরিবহন, কেনাবেচা ও এর সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থার আওতায় আনা হবে।