মোঃ নাঈম উদ্দীন,জীবননগর উপজেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তদন্তে প্রাপ্ত আসামি মো. মনোয়ার মোল্লাকে (৪৮) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মনোয়ার মোল্লা চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের মৃত খোদন মোল্লার ছেলে। তিনি স্থানীয় আলোকদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।
পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ইউনিটে মাদক, চোরাচালান ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর থানার এসআই মহাদেব বাছাঁড়ের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি টিম শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে হাতিকাটা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মনোয়ার মোল্লা চুয়াডাঙ্গা সদর থানার এফআইআর নম্বর-১৫ (তারিখ: ১৯ আগস্ট ২০২৪) এবং জিআর নম্বর-১৭২ (তারিখ: ১৯ আগস্ট ২০২৪) এর এজাহারভুক্ত মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ ও অভিযুক্ত আসামি।
উক্ত মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ১১৪, ৩২৩, ৩২৪ ও ৩২৬ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের (The Explosive Substances Act) ৩ ও ৬ ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শুক্রবার দুপুরে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে চুয়াডাঙ্গা জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান অপরাধীদের দমনে অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।