আমির হোসেন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে শিমুল বাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটের ঘটনায় এক ইউপি সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল কাইয়ুম খান বাদী হয়ে তাহিরপুর থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় ঘাগটিয়া গ্রামের মৃত একলাছ মিয়ার ছেলে স্থানীয় ইউপি সদস্য মোসাহিদ হোসেন রানু এবং উত্তর বড়দল ইউনিয়নের মাণিগাঁও গ্রামের ছাদেক মিয়ার ছেলে হাসান আলীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে। মামলার বিবরণী অনুযায়ী, গত সোমবার ভোরে তাহিরপুরের ইজারাবিহীন মাণিগাঁও শিমুল বাগান এলাকা থেকে ইউপি সদস্য মোসাহিদ হোসেন রানু ও হাসান আলীর নেতৃত্বে শতাধিক শ্রমিক আট-নয়টি স্টিলবডি ট্রলারে করে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রায় ৪ লক্ষাধিক টাকা মূল্যের দুই শতাধিক ঘনফুট খনিজ বালুবোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের অভিযোগ করে আসছেন যে, যাদুকাটা নদীতে নিয়মিত শত শত ড্রেজার ও সেইভ মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করা হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না। তাদের দাবি, এই চক্রের সাথে স্থানীয় প্রভাবশালীরা জড়িত রয়েছেন, যার ফলে বালুখেকোরা বেপরোয়া হয়ে উঠেছে। এলাকাবাসী জড়িতদের পাশাপাশি প্রকৃত মদদদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। মামলার সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সালাউদ্দিন মোল্লা জানান, ঘটনার পর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “এই বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো প্রকার অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডকে ছাড় দেওয়া হবে না।”