সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল
আব্দুস সামাদ
রংপুর বিভাগীয় প্রতিনিধি।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকার সাংবিধানিক বিধান অনুসরণ করবে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।
সোমবার দুপুরে রংপুর নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) নবনির্মিত বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, “সংবিধান অনুযায়ী যথাসময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেবে।”
সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা বিএনপিকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করেন, তাদের রাজনৈতিক জ্ঞান ও ইতিহাস সম্পর্কে ধারণার ঘাটতি রয়েছে।
বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, “জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না, সেটি তাদের দলের নেতারাই মূল্যায়ন করবেন। এ বিষয়ে মন্তব্য করার প্রয়োজন নেই।”
এর আগে মন্ত্রী নবনির্মিত বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে বিআরডিবির ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন বিভাগীয় কার্যালয় চালুর মাধ্যমে রংপুর বিভাগের বিভিন্ন জেলার উন্নয়ন কার্যক্রম পরিচালনা ও সমন্বয় আরও সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, বিআরডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে মন্ত্রী রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত পল্লী মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য, কুটিরশিল্প এবং সমবায়ভিত্তিক বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তিনি।
দিনের শেষ কর্মসূচিতে রংপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত বিআরডিবির সুফলভোগীদের মধ্যে গাছের চারা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী।
অনুষ্ঠানে তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে বিআরডিবির ঋণ ও প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সুবিধাভোগীদের ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।