জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বগুড়ায় জেলা পূর্ব ছাত্রশিবিরের বিক্ষোভ
হাবিব(বগুড়া)জেলা প্রতিনিধি :
জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখা।
বুধবার (৫ আগস্ট) বিকেলে বগুড়ার মাঝিরা বাইপাস এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা–বগুড়া মহাসড়কসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা জুলাই সনদ বাস্তবায়ন, বিচার নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি শাহরিয়ার হাসান বিপ্লব এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি তৌফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার নেতা ফিরোজ আহমেদ, হাবিবুর রহমান, জুবায়ের আহমেদ, আতাউর রহমান, তালিবুল হাবিবসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন অপরিহার্য। তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে এবং জুলাই গণহত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, ন্যায়বিচার, জবাবদিহি ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই সনদের বাস্তবায়ন সময়ের দাবি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
কর্মসূচিতে জেলা ও উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।