হাফিজুল ইসলাম লস্কর
ধর্মের নামে হিংসা ছড়ালে
ধর্ম হারায় প্রাণ,
মন যদি হয় আলোর দীঘল
কাটে যে সংশয়।
স্বার্থের মোহে ঢেকেছে লেবাস
ছড়ায় বিষের বাণ,
নির্দোষ লোক পাপের বোঝায়
তিলে তিলে হয় ক্ষয়।
ভণ্ডের ছলে সত্য কি তবে
পরাজয় মেনে নেবে?
নাকি জ্ঞানের আলো এসে সব
আঁধার মুছে দেবে?
মানুষ যদি মুক্ত ডানায় মেলে
দিয়ে ওড়ে দূরে,
ভালোবাসা তবে বাঁধুক হৃদয়
এক সুরের নূপুরে।
ভেদাভেদ ভুলে মানুষ যদি না
মানুষের পাশে দাঁড়ায়,
তবে তো ধরায় মানবতা তার
শেষ নিশানা হারায়।
হৃদয়গহনে সত্যের শিখা
জ্বালাতে হবে যে আজ,
ভণ্ডের ছদ্ম রূপের পর্দা
সরিয়ে ফেলার কাজ।
আলোর পরশে কেটে যাক সব
কুটিল পথের ভয়,
পাপের আঁধার সরাবে যে আলো
জয় তা সত্যের জয়।
আবেগে ভরা এই তনু-মন
মেলাক হাতের হাত,
প্রেমের নিবিড় স্পর্শে কাটুক
আঁধার কালরাত।
একই তো রক্ত ধমনি জুড়ে
একই তো প্রাণের টান,
মানুষের মাঝে জেগে উঠুক
সত্যের জয়গান।