সুবর্ণ বিশ্বাস, ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
সমাজ থেকে মাদক, যৌতুক, আত্মহত্যা ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) জনাব মোঃ নোমান হোসেন।
হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ঝিনাইদহ জেলা প্রশাসন গৃহীত ৩ বছর মেয়াদি অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে আজ শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদক, যৌতুক, আত্মহত্যা, অনলাইন জুয়া, যৌন হয়রানি এবং বাল্যবিবাহ প্রতিরোধের গুরুত্ব ও এর প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক জনাব মোঃ নোমান হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “একটি সুন্দর সমাজ গড়ার কারিগর তোমরা। তাই আগে নিজে সচেতন হও, তারপর পরিবার ও সমাজকে সচেতন করো। চারপাশে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড দেখলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনার চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি জনাব এ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই সচেতনতামূলক কর্মশালায় অংশগ্রহণ করেন।