নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। প্রিয় নেতাকে স্বাগত জানাতে বিভিন্ন প্রস্তুতি ও কর্মসূচি গ্রহণ করেছে প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তারেক রহমান নিউইয়র্কে এসে পৌঁছানোর কথা রয়েছে। তার আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস ব্যানার, ফেস্টুন ও মিছিলে মুখরিত হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্র বিএনপি, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), যুবদল ও শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জ্যাকসন হাইটসের রাস্তায় অবস্থান নেন। সেখানে সরকারের ভবিষ্যৎ রূপরেখা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা।
মিছিল চলাকালে নেতাকর্মীরা,তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’ এবং ‘নিউইয়র্কে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ ইত্যাদি স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
স্বাগত জানাতে আসা যুবদলের এক নেতা বলেন, “আমাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে আমরা সোমবার জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে সমবেত হবো। নেতা বহর নিয়ে বের হওয়ার সময় রাস্তার দুধারে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানানো হবে। পাশাপাশি দেশে যেকোনো ধরনের স্বৈরাচারী শাসন যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য প্রবাস থেকেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।”
এর আগে, জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান।