মোঃ রানা আহমেদ,স্টাফ রিপোর্ট, ঝিনাইদহ সদর
আইনশৃঙ্খলা রক্ষা, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও পেশাগত সততার স্বীকৃতি হিসেবে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ সম্মাননায় ভূষিত হয়েছেন ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইকলাচুর রহমান মিঠু।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে ২১ সেপ্টেম্বর (২০২৬) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৫ সালের সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন এবং সেবামূলক কর্মকাণ্ডে অনন্য নজির স্থাপনের জন্য সারাদেশে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক প্রদান করা হয়েছে। এর মধ্যে ‘পিপিএম-সেবা’ ক্যাটাগরির তালিকার ৪২ নম্বরে মনোনীত হয়েছেন ঝিনাইদহ ডিবির এই চৌকস কর্মকর্তা (বিপি-৮৭০৬১০৬৪০৪)।
অনুসন্ধানে জানা যায়, ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখায় কর্মরত অবস্থায় তথ্যপ্রযুক্তির নিবিড় ব্যবহার এবং নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্ক কাজে লাগিয়ে একাধিক ক্লুলেস হত্যাকাণ্ড, মহাসড়কের ডাকাতি ও আন্তঃজেলা অপরাধী চক্রের চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনে অগ্রণী ভূমিকা পালন করেন এএসআই ইকলাচুর রহমান। ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা ও অপরাধীদের আইনের আওতায় আনতে তাঁর সাহসিকতা জেলা জুড়ে প্রশংসিত হয়েছে।
রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ এই অর্জনে উচ্ছ্বসিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীরা। স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, এই স্বীকৃতি ঝিনাইদহের পুরো পুলিশ বাহিনীর মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এক প্রতিক্রিয়ায় এএসআই ইকলাচুর রহমান মিঠু বলেন, “রাষ্ট্রীয় এই স্বীকৃতি পেশাগত কাজের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা বহুগুণ বাড়িয়ে দিল। জেলা পুলিশ সুপারের যোগ্য দিকনির্দেশনা, ডিবির ওসি স্যার ও সহকর্মীদের সার্বিক সহযোগিতার কারণেই আজ এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় যেন আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি।