সুবর্ণবিশ্বাস,ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
সারাদেশে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা এবং মশক নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। দেশব্যাপী ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননক্ষেত্র ধ্বংস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি এই উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি যুক্ত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উক্ত সংযোগে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার আশিস বিন হাছান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নির্দেশ দেন, শুধু সরকারি উদ্যোগে নয়, বরং প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিচ্ছন্ন রাখার জন্য এগিয়ে আসতে হবে। কোথাও যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে এবং মশার প্রজননক্ষেত্র সৃষ্টি না হয়, সে বিষয়ে কঠোর নজরদারির আহ্বান জানানো হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে যুক্ত হয়ে কর্মকর্তারা জেলা জুড়ে ডেঙ্গু প্রতিরোধের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন। জেলার প্রতিটি পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে একযোগে তিন মাসব্যাপী ওষুধ ছিটানো, নালা-নর্দমা পরিষ্কার করা এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসক নোমান হোসেন জানান, এই ক্রাশ কর্মসূচির আওতায় ঝিনাইদহের কোনো এলাকা যেন মশার আবাসস্থলে পরিণত হতে না পারে, সে জন্য তদারকি টিম গঠন করা হয়েছে। পুলিশ সুপার আশিস বিন হাছান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ কর্মসূচির সফলতা নিশ্চিতে জেলা পুলিশ ও জেলা পরিষদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সাথে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে এই জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
ঝিনাইদহের সচেতন মহল সরকারের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে, এই কঠোর কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে।