নিজস্ব প্রতিবেদক, ঢাকা |
জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে নারী সংসদ সদস্যদের বোরকা ও হিজাব পরিধান নিয়ে কটাক্ষ করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে কড়া অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। সংসদ সদস্যের এমন মন্তব্যের সরাসরি প্রতিবাদ জানিয়ে তিনি বলেন:
”আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি আমার নারী সহপাঠীদের যারা বোরকা-হিজাব পরেন, তাদের কোথাও কোথাও কটাক্ষ করা হয়, বিভিন্ন ক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হন। সেই একই ধৃষ্টতা দেখা গেল মহান সংসদে, যা বাংলাদেশের কোটি কোটি নারী যারা বোরকা-নিকাব পরিধান করেন তাদের অপমান করার শামিল।”
জনপ্রতিনিধিদের কাছ থেকে এ ধরনের মন্তব্য দেশের ধর্মীয় ও ব্যক্তিগত স্বাধীনতার পরিপন্থী বলে মনে করছেন সচেতন নাগরিকরা। বিষয়টি এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।