আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
১৬ জুলাই, ২০২৬ সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিত টহল ও নজরদারি জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় গত ১১ জুলাই শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।
বিজিবির অভিযানে সীমান্তবর্তী বিভিন্ন গ্রাম থেকে ১২২ বোতল ভারতীয় নিষিদ্ধ এস্কাফ (Escuf) সিরাপ জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মাদকের চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা অত্যন্ত তৎপর ছিলেন।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সীমান্ত দিয়ে কোনো ধরনের মাদক, অবৈধ পণ্য বা চোরাচালান সহ্য করা হবে না। মাদক কারবারিদের ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকায় টহল আরও জোরদার করা হয়েছে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বলা হয়, মাদক একটি সামাজিক ব্যাধি। তরুণ প্রজন্মকে এর হাত থেকে রক্ষা করতে এবং সীমান্ত নিরাপত্তা অটুট রাখতে ৫৩ বিজিবি তাদের নিয়মিত অভিযান অব্যাহত রাখবে। নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করতেও কাজ করছে বিজিবি।