সমর বিকাশ চাকমা, দীঘিনালা
খাগড়াছড়ির দীঘিনালায় প্রথমবারের মতো বাংলাদেশ স্কাউটসের ১ম ষষ্ঠক নেতা কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। স্কাউট আন্দোলনের কার্যক্রমকে আরও গতিশীল করা, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং দক্ষ ষষ্ঠক নেতা তৈরির লক্ষ্যে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা, মো. রিয়াজুল ও উপজেলা স্কাউটস কমিশনার বদিউল জামান।
এ সময় স্কাউট কর্মকর্তা, প্রশিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, স্কাউটিং কার্যক্রমে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, দায়িত্ববোধ, শৃঙ্খলা, দলগত কাজ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে ষষ্ঠক নেতা কোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী স্কাউট সদস্যদের মধ্যে নেতৃত্বের সক্ষমতা আরও বিকশিত হবে বলে আশা প্রকাশ করা হয়।
দীঘিনালায় প্রথমবারের মতো এ ধরনের প্রশিক্ষণ আয়োজনকে স্থানীয় স্কাউট সদস্যরা ইতিবাচকভাবে দেখছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ কোর্সের মাধ্যমে ভবিষ্যতে আরও দক্ষ ও দায়িত্বশীল স্কাউট নেতৃত্ব তৈরি হবে।