তানোর (রাজশাহী) প্রতিনিধি: মো. সুমন চৌধুরী
রাজশাহীর তানোর উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম সবুজ, যিনি উপজেলার কলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রমজান আলীর ভাই মৃত ইসমাইল হোসেনের ছেলে। ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ অভিযুক্ত সবুজকে গ্রেফতার করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগ পাওয়ার পরপরই তানোর থানা পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং অভিযুক্ত সবুজকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে। শিশুটির শারীরিক অবস্থা বিবেচনায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে এই ন্যক্কারজনক ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে এবং এলাকাবাসী অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে তানোর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তসহ পরবর্তী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।