কক্সবাজার | ২০ এপ্রিল ২০২৬ কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিব পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিবি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি দল আজ সন্ধ্যা ১৮:১০ ঘটিকায় টেকনাফ মডেল থানাধীন ছোট হাবিব পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. জাকির হোসেন (৩৫)। তিনি দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে। র্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, অপরাধ দমনে তাদের এই ‘জিরো টলারেন্স’ নীতি এবং সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।