আব্দুল্লাহ আল নূরী, নিজস্ব প্রতিবেদক:
খাগড়াছড়িতে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। জেলার প্রায় ৭৯ হাজার শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ এপ্রিল থেকে ১০ মে’র মধ্যে যেকোনো ১১ দিন এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এই সময়ে ৬ মাস থেকে ৫ বছরের নিচে বয়সী সকল শিশুকে নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে গিয়ে হাম-রুবেলা টিকা প্রদান করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ক্যাম্পেইনের উদ্বোধনী কার্যক্রম ২০ এপ্রিল সকাল ১০টা থেকে খাগড়াছড়ির নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং দিনব্যাপী টিকাদান কার্যক্রম চলবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল অভিভাবককে নির্ধারিত সময়ের মধ্যে তাদের সন্তানদের টিকার আওতায় আনার জন্য সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছে।