উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে ছাতড়া গরুহাটি পুকুর থেকে মহিদুল ইসলাম (৪৫) নামে এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছাতড়া গরুর হাটের পূর্ব পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মহিদুল ইসলাম ছাতড়া নিস্তানী গ্রামের বাসিন্দা। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভাঙারি মালামাল কেনাবেচার ব্যবসা করতেন।
পরিবারের সদস্যরা জানান, সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে মহিদুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে পরিবারের লোকজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
মঙ্গলবার সকালে স্থানীয়রা ছাতড়া গরুর হাটের পূর্ব পাশের একটি পুকুরে মহিদুলের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।