মোঃ আতাউর রহমান,বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উচ্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বিএমটি) একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ চত্বরে এক ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। প্রথা ভেঙে শিক্ষার্থীদের ফুল দেওয়ার পরিবর্তে গাছের চারা উপহার দিয়ে বরণ করে নেয় কলেজ প্রশাসন।
তাহেরপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোঃ সিরাজুল করিম প্রামাণিকের সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির (জিবি) সভাপতি, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ. ন. ম. শামসুর রহমান মিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আজ তোমাদের মেধা ও মননের বিকাশের পাশাপাশি পরিবেশের প্রতি দায়বদ্ধতা তৈরির লক্ষ্যেই এই গাছ উপহার দেওয়া হয়েছে। দেশজুড়ে আগামী ৪ বছরে ২০ থেকে ২৫ কোটি বৃক্ষ রোপণের যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, তোমাদের মাধ্যমেই তার সূচনা হলো।”
শিক্ষার্থীদের পড়াশোনায় শতভাগ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আমাদের কোনো ছাত্র-ছাত্রী যাতে আর্থিক সংকটের কারণে পিছিয়ে না পড়ে, সেদিকে আমাদের তীক্ষ্ণ নজর থাকবে। বই, পোশাক কিংবা অন্য যেকোনো শিক্ষা সহায়তায় শিক্ষক এবং গভর্নিং বডির সকল সদস্যসহ আমি সবসময় তোমাদের পাশে থাকব।”
অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সদস্য মাহাবুবুর রহমান ভুলু, সহকারী অধ্যাপক ও জিবি সদস্য আব্দুর রশিদ, সহকারী অধ্যাপক মমতাজ উদ্দিন মোল্লা, সহকারী অধ্যাপক মোঃ খলিলুর রহমান, সহকারী অধ্যাপক আকতার হোসেন, সহকারী অধ্যাপক সুরাইয়া আক্তার মিলি, সহকারী অধ্যাপক ও জিবি সদস্য শিরিন আক্তার বানু এবং প্রভাষক রহিচ আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়াও কলেজের অন্যান্য শিক্ষক-কর্মকর্তা, কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এবং নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।