স্টাফ রিপোর্টার : শাহরিয়ার নাফিজ
দেশের নীতি-নির্ধারণী মহলে এবং রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় সংযোজিত হয়েছে। রাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় ও মর্যাদাপূর্ণ এলিট লিডারশিপ প্রোগ্রাম ‘ক্যাপস্টোন কোর্স’ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ড. শফিকুল ইসলাম মাসুদ।
সেনাবাহিনীর সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশের অন্যতম সর্বোচ্চ মর্যাদাপূর্ণ এই কোর্সের সার্টিফিকেট তার হাতে তুলে দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা, সুদূরপ্রসারী দূরদর্শিতা এবং কৌশলগত চিন্তাধারার বিকাশ ঘটানোর লক্ষ্যে এই কোর্সটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বিশেষ কোর্সে সাধারণ কেউ অংশ নেওয়ার সুযোগ পান না। সাধারণত জাতীয় সংসদের সম্মানিত সদস্যবৃন্দ, শীর্ষস্থানীয় সরকারি আমলা, সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, দেশের খ্যাতনামা ব্যবসায়ী নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ এবং শীর্ষ গণমাধ্যম ব্যক্তিত্বরাই এই মর্যাদাপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে থাকেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ এর আগে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে অত্যন্ত দক্ষতার সাথে নেতৃত্ব দিয়েছেন। তার এই নতুন অর্জন রাজনৈতিক ক্যারিয়ারে একটি বড় সংযোজন হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের উচ্চপর্যায়ের কৌশলগত প্রশিক্ষণ জাতীয় পর্যায়ে নীতিনির্ধারণ এবং সুদূরপ্রসারী সিদ্ধান্ত গ্রহণে বিশেষ ভূমিকা পালন করবে।
রাজনৈতিক অঙ্গনে নানা মহলে আলোচনা রয়েছে, দেশের মূলধারার আধুনিক রাজনৈতিক সংস্কৃতিতে তরুণ ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বদের মেধা, প্রজ্ঞা ও উচ্চ প্রশিক্ষণ দিয়ে নিজেদের প্রস্তুত করার বিষয়টি অত্যন্ত ইতিবাচক। ড. শফিকুল ইসলাম মাসুদের এই অর্জন তাঁর শুভানুধ্যায়ী ও দেশের রাজনৈতিক কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।
এই মর্যাদাপূর্ণ অর্জন ড. শফিকুল ইসলাম মাসুদের রাজনৈতিক প্রজ্ঞা ও ভবিষ্যৎ নেতৃত্বকে আরও বেশি শাণিত করবে এবং দেশের রাজনীতিতে ইতিবাচক ধারার চর্চাকে আরও বেগবান করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।