রুপম চাকমা, বাঘাইছড়ি প্রতিনিধিঃ-
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সাজেক ভ্যালী কমিউনিটি ক্লিনিকে আয়োজিত এই বিশেষ মেডিকেল ক্যাম্পে সাজেক ইউনিয়নের পর্যটন ভ্যালী, কংলাকপাড়া, রুইলুইপাড়া ও হাউজপাড়াসহ আশপাশের এলাকার প্রায় ১০৫ জন পাহাড়ী ও বাঙালি দুস্থ বয়স্ক মানুষকে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। মেডিকেল অফিসার হিসেবে রোগী দেখেন বাঘাইহাট জোনের আরএমও ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিব পারভেজ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাঘাইহাট জোন নিয়মিত বিরতিতে ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট ও এমএ গাফফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় এমন মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছে। জনস্বার্থে নেওয়া এই মহতী উদ্যোগের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে বাঘাইহাট জোনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।