প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন-এর সঙ্গে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত পর্যবেক্ষণ, জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ তুলে ধরেন। সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন পুলিশ সুপার এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় পুলিশ সুপার নোয়াখালীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশের চলমান কার্যক্রম, সেবা প্রদানের মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার হলে অপরাধ দমন, জনসচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষার কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।
পুলিশ সুপার আশা প্রকাশ করে বলেন, এ ধরনের মতবিনিময় সভা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক আরও দৃঢ় হবে, যা জনস্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবরসহ নোয়াখালী জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারের সফলতা কামনা করেন এবং জেলার সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।