মোঃ রানা, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
খুন-গুম ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে দেশব্যাপী সমালোচিত র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাবের অপকর্মের দায় বিএনপি বয়ে বেড়াতে পারে না। সে কারণে জনগণের দাবি ও প্রত্যাশা পূরণ করতে র্যাব বিলুপ্তি করে নতুন বাহিনী এসআরবি গঠন করা হয়েছে। নতুন বাহিনী ন্যায় প্রতিষ্ঠায় জনগণের পাশে থেকে কাজ করবে। এক্ষেত্রে বিরোধীদলের যদি কোন মতামত থাকে তবে তা সাদরে গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন সরকারি ও বিরোধী দলের মতামত ও ঐক্যমত্যের ভিত্তিতেই বাংলাদেশ পরিচালিত হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা ও ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ভারত থেকে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে জানান রাশেদ খান বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন সম্পূর্ণ স্বাধীন। কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না, তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়েই সব সিদ্ধান্ত নেওয়া হবে। শেখ হাসিনা এবং ইনকিলাব মঞ্চের নেতা হাদি হত্যাকারীদের ফেরত দেওয়ার প্রস্তাব ভারতের কাছে রাখা হয়েছে। এই দুটি দাবি পূরণ হলেই কেবল প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি নিয়ে ভাবা সম্ভব।
তিনি বলেন, বাংলাদেশ এখন কোনো দেশের চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার করবে না। দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের প্রত্যাশাকে সামনে রেখেই পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতি ও সংকটাপন্ন একটি দেশকে সংস্কারের মাধ্যমে সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এ অবস্থায় বিরোধী দলগুলোরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। কিন্তু দেশের এই ক্লান্তিলগ্নে বিরোধীদল সরকারের পাশে না দাঁড়িয়ে তারা রোড মার্চ নিয়ে ব্যস্ত। রোড মার্চ রোড মারচ করে যদি তেল গ্যাসের সমস্যার সমাধান করা যেত বিএনপির সবার আগে রোড মার্চ করতো।