হাফিজুল ইসলাম লস্কর
শব্দ বুনে কী লাভ বলো
অর্থ যদি অন্ধ হয়?
স্বার্থমগ্ন চাতক চিনেও মানুষ
আপন খাঁচায় রয়।
হাসি-খেলার ছলে ঝরে যদি
হৃদয়-ফাটা জল,
তবে কেন মিথ্যে কলম সঁপে
দেখাও মিছে বল?
ডিগ্রি নামের সোনার হরিণ
খাঁচায় বন্দী, বেকার রাত,
যোগ্যতাহীন মঞ্চে যখন লুণ্ঠিত
মেধাতরুণ পারিজাত!
চাটুকারিতার তপ্ত তেলে
ভাগ্য যদি পুড়েই মরে,
তবে মিছে এই সনদের স্তূপ
ছাই করো আগুন জ্বেলে।
বুকের ভেতর পাথর চেপে
কাঁপছে যখন বাবার চোখ,
অশ্রুসাগর আড়াল করে
হাসছে সমাজ বাড়ুক শোক।
এমন দিনেও কাব্য বিলাস?
এ তো কেবল রঙিন ছল,
ভাঙো তবে এই নিরেট লেখনী
উপড়ে ফেলো সব ছদ্মবল।
কাব্য যদি লিখতেই হয়
ছিঁড়ে ফেলো প্রাণের ভয়,
কলম হোক তূণ, কালির অক্ষরে
আসুক প্লাবনের জয়।
মিথ্যার ওই কাচের মহলে
হানুক আঘাত তোমার স্বর,
অন্যায়ের বুকে কাঁপন ধরাতে
সময়ে হও তুমি ঘূর্ণিঝড়।