হাফিজুল ইসলাম লস্কর
কেটে গেল ঈদের দিন, মুখে নেই হাসি,
চারিদিকে কোলাহল, আমি একা বসি।
সবার মন মেতেছে আনন্দের বানে,
আমার এ ঈদ কাটে বাবার স্মরণে।
ঘরের প্রতিটি কোণে মায়াবী সে ছায়া,
আজও যেন খুঁজে ফেরে বাবার সে মায়া।
নিথর দেয়ালগুলো কাঁদে চুপিচুপি,
বাবার অভাব বুকে জমে রাশি রাশি।
নতুন জামার ভাঁজে আনন্দ তো নাই,
ঈদের নামাজ শেষে কারে গিয়ে পাই?
সবাই জড়িয়ে ধরে আপন মানুষে,
আমার দুচোখ শুধু কাঁদে মৃদু হেসে।
শূন্য এ আঙিনায় স্মৃতিরা যে জাগে,
বাবাহীন এই বুকে বড় একা লাগে।
ওপারে ভালো থেকো আকুল প্রার্থনা,
তোমায় ছাড়া এ জীবন যেন কাটে না।