মোঃ শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাককাটিহাট এলাকায় অবস্থিত ওবায়দুল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী উপজেলা ভুমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। লাইসেন্স ছাড়া জবাইখানা ও মাংস বিক্রয় স্থাপনা পরিচালনার দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়,জনস্বাস্থ্য সুরক্ষা,নিরাপদ ও মানসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করতে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় দেখা যায়, প্রয়োজনীয় সরকারি লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি পশু জবাই ও মাংস বিক্রয় কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিদর্শনে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
মোবাইল কোর্টে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন,২০১১-এর ধারা ৯(১) লঙ্ঘনের দায়ে একই আইনের ধারা ২৪(১) অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার সম্পূর্ণ অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
সংশ্লিষ্টরা জানান,লাইসেন্স ছাড়া জবাইখানা পরিচালনা এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাংস বিক্রি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে।
সহকারী কমিশনার (ভুমি) সামিউর রহমান বলেন,প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ,স্বাস্থ্যবিধি মেনে পশু জবাই এবং আইন অনুযায়ী মাংস বিক্রির আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।