স্টাফ রিপোর্টারঃ- হাফিজুল ইসলাম সিলেট
সিলেটের গোলাপগঞ্জে ইসলামী ব্যাংকের এক এজেন্টের কাছ থেকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ হিরা মিয়া (৪৫)। তিনি সিলেট মহানগরীর কোতোয়ালী থানার খাদিম এলাকার বিআরটিসি মির মহল্লার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় এর আগেও ডাকাতি ও দস্যুতার ৬টি মামলা রয়েছে।
পুলিশ ও মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১১ মে ২০২৬ তারিখে গোলাপগঞ্জ উপজেলার দাড়ীপাতন এলাকায় ইসলামী ব্যাংকের এক এজেন্টের কাছ থেকে ২০ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১৪ মে গোলাপগঞ্জ মডেল থানায় পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১৩, জিআর-৯৬/২০২৬)।
মামলা দায়েরের পর তদন্তে নামে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে হিরা মিয়ার সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর, গত ১৯ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৯টায় জৈন্তাপুর থানাধীন দরবস্ত বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, “গ্রেফতারকৃত হিরা মিয়া একজন পেশাদার ডাকাত, তার বিরুদ্ধে পূর্বের ৬টি ডাকাতির মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।