আব্দুস সামাদ, রংপুর বিভাগীয় প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আউলিয়ারহাট সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় জনতার বাধার মুখে ওই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (৫ জুন) সকালে তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ ৬১ বিজিবির পঁয়ষট্টি বাড়ি বিওপির আওতাধীন ৮৪৬/১-এস ও ৮৪৬/২-এস সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের সদস্যরা ওই ১০ জনকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য ও স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের সীমান্তের জিরো লাইনে আটকে দেয়।
পুশ ইন হওয়া ব্যক্তিরা হলেন, মোস্তফা বিশ্বাস (২৬), আজগার আলী (৫৪), মোর্শেদ (২০), রেহানা বিশ্বাস (২২), ফাতেমা বিবি (৩০), জাহেদা বেগম (৪০), অনুপা (২০), লিসা খাতুন (২৫), তাসলিমা (২৬) ও একটি শিশু। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
এ বিষয়ে পঁয়ষট্টি বাড়ি বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। সীমান্ত এলাকায় এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।