মোঃ নাঈম উদ্দীন
জীবননগর উপজেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা।
১৯ মে ২০২৬ ইং মঙ্গলবার
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে ঘটনা স্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ ১৯ মে ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার সকাল ০৯:০০ ঘটিকা থেকে বিকাল ১৬:০০ ঘটিকা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানাধীন দুইটি পৃথক স্থানে অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানটি চালানো হয় চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলতদিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এবং দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় রেল স্টেশন সংলগ্ন মাছ বাজার এলাকায়। দীর্ঘ সাত ঘণ্টার এই সুনির্দিষ্ট অভিযানে মাদক কেনাবেচার সময় হাতেনাতে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হন ডিএনসি কর্মকর্তারা।
অভিযানে গ্রেফতারকৃত আসামিদের দেহ তল্লাশি করে নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। নিচে তাদের বিস্তারিত পরিচয় ও উদ্ধারকৃত মাদকের বিবরণ দেওয়া হলো:
১. মো: কামরুল ইসলাম (৫৪): পিতা- মৃত শহিদুল ইসলাম, সাং- শেখ পাড়া, থানা ও জেলা- চুয়াডাঙ্গা। তার নিকট থেকে ০২ পিস নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।
২. সামাউন সানি রাসেল (২০): পিতা- আব্দুর রাজ্জাক, সাং- আরামপাড়া, থানা ও জেলা- চুয়াডাঙ্গা। তার নিকট থেকে ০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
৩. মো: চাব্বির (৩২): পিতা- মো: সারু, সাং- শেখপাড়া, থানা ও জেলা- চুয়াডাঙ্গা। তার হেফাজত থেকে ০২ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।
আসামিদের মাদকসহ হাতেনাতে গ্রেফতারের পর চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করেন। আসামিরা নিজেদের অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের নিচের রূপ শাস্তি প্রদান করা হয়-
মো: কামরুল ইসলাম ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড ১০০ (একশত) টাকা
সামাউন সানি রাসেল ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ১০০ (একশত) টাকা
মো: চাব্বির ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড ১০০ (একশত) টাকা
সাজাপ্রাপ্ত আসামিদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুযায়ী ধ্বংস করার প্রক্রিয়া চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত করার লক্ষ্যে তাদের এই ধরণের বিশেষ চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে তারা সর্বদা তৎপর রয়েছেন এবং এই বিষয়ে জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।