স্টাফ রিপোর্টার সিলেটঃ
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে আনন্দমুখর পরিবেশে আগামীকাল শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ প্রেসক্লাবের বহুল কাঙ্ক্ষিত নির্বাচন-২০২৬। ভোটগ্রহণের দিন ঘনিয়ে আসছে, প্রচারণার শেষ মুহুর্তে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য তত বাড়ছে। ব্যানার-ফেস্টুনে সেজে উঠেছে প্রেসক্লাব প্রাঙ্গণসহ আশপাশের এলাকা। শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা সহকর্মীদের দ্বারে দ্বারে যাওয়ার পাশাপাশি খুদে বার্তা, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও টেলিফোনে অব্যাহতভাবে ভোট ও দোয়া প্রার্থনা করছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে একই দিনে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনার পদে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু এবং নির্বাচন কমিশনার সাংবাদিক আব্দুল আহাদ, এম. শহিদুর রহমান ও আবুল কালাম।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ শেষে ১৭টি পদের বিপরীতে ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। পরবর্তীতে সহসভাপতি পদ থেকে গোলাম দস্তগীর ছামিন মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় চূড়ান্তভাবে ১৭টি পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গুরুত্বপূর্ণ পদগুলোতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। সভাপতি পদে সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, এনামুল হক এনাম, আবুল কাশেম রুমেল ও মাহফুজ আহমদ চৌধুরী মুখোমুখি লড়াই করছেন। সিনিয়র সহ-সভাপতি পদে আজিজুর রহমান খান, মো. জহিরুল ইসলাম ও এমজি মোস্তফা এবং সহ-সভাপতি পদে আব্দুল খালিক ও মো. বদরুল আলম প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান চৌধুরী ও মাওলানা ইমরান আহমদের মধ্যে দ্বিমুখী লড়াই জমে উঠেছে।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল আজিজ বাবর, জাহিদ উদ্দিন ও সাকিব আল মামুন; কোষাধ্যক্ষ পদে আনোয়ার হুমায়ুন ও দেলোয়ার হোসেন মাহমুদ; ক্রীড়া সম্পাদক পদে মো. তামিম আহমদ ও সাজু মিয়া; সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ফাহাদ হোসেইন ও রুহূল আমিন; প্রচার সম্পাদক পদে মোহাম্মদ জাকির হোসেন, জালাল আহমদ চৌধুরী ও ফাহিম আহমদ; প্রকাশনা সম্পাদক পদে শাকেল উদ্দিন ও সাইম ইবনে আব্বাস; দপ্তর সম্পাদক পদে রিমন আহমদ, ওলিউর রহমান তামিম ও রুবেল আহমদ তালুকদার এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে জাবের আহমদ ও সামিল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে ব্যালট নম্বর ৩৪ নিয়ে লড়ছেন হাফিজুল ইসলাম। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন জাবেদ মাহবুব, হাবিবুর রহমান, ফারহান ইসলাম রাজু ও সালমান কাদের দিপু। হাফিজুল ইসলাম বলেন, “প্রেসক্লাবকে একটি ঐক্যবদ্ধ, মর্যাদাশীল ও কল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সিনিয়র-জুনিয়র সবাইকে একসূত্রে বেঁধে আমরা পেশাগত মান উন্নয়নে কাজ করে যেতে চাই।”
অন্যদিকে কার্যকরী সদস্য পদে ১১ জন প্রার্থী লড়ছেন—জাবেদ আহমদ, বাবর জোয়ারদার, আব্দুল্লা আল মাসুদ, আব্দুল্লাহ আহমদ, মোহাম্মদ মাহদী রহমান, মুফতি মোহাম্মদ জাবের আহমদ, ফখরুল ইসলাম, মীর কাওছার, আরিফ আহমদ জিলু, দীনেশ দেবনাথ ও এম. আব্দুল জলিল।
একটি সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন নেতৃত্ব বেছে নেওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন সাধারণ ভোটাররা।