ওয়ালী রহমান, নাসিরনগর, প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাস ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ হান্নান এমপি। উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এম এ খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, সৈয়দ আবু সারোয়ার ,এড.আরাফাত উল্লাহ সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং যুবদল ,ছাত্রদল ,মহিলাদল ,শ্রমিক দল ,কৃষকদল ,জাসাস সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান এমপি বলেন, “সকল প্রকার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।” তিনি অভিযোগ করেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে একটি মহল ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিতে দেশ-বিদেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি মহল গুজব ছড়িয়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
এম এ হান্নান এমপি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সকল ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করা হবে।
সমাবেশ শেষে নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।