সুবর্ণ বিশ্বাস, ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
ঝিনাইদহের শৈলকুপায় পুলিশ ও স্থানীয় জনতা যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা অটোরিকশা ও ভ্যানচোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে চোরাই একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান, দুটি চার্জার ভ্যানের খণ্ডাংশ এবং তিনটি মোটর ব্যাটারি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শৈলকুপা থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড় ৬টার দিকে শৈলকুপার পীরপাড়া-সাতবাড়িয়া এলাকা থেকে চুরি হওয়া একটি ভ্যানসহ দুজনকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশে খবর দিলে তাদের হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে শৈলকুপা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে সাঁড়াশি অভিযান চালিয়ে চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—শৈলকুপার টুলু শিকদার (২৭) ও বিড়াল মোল্লা (৫৫), মাগুরার সুমন রানা (২২) ও সাকিল (২৪), হরিণাকুন্ডুর মোজাম্মেল শাহ (৪৮) এবং জীবননগরের মোজাহিদুল ইসলাম ওরফে মানিক (৩৯)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র হিসেবে ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলা থেকে ভ্যান ও অটোরিকশা চুরি করে আসছিল। চুরির পর যানবাহনের রং, বডি ও বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে তা পুন বিক্রয় করাই ছিল তাদের মূল কৌশল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই একটি বাসা থেকে অন্য একটি পাখি ভ্যান ও উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়।
এ বিষয়ে শৈলকুপা থানায় মামলা দায়ের করা হয়েছে। চক্রের জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তার ও অতিরিক্ত চোরাই মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।