নওগাঁ প্রতিনিধি: মোঃ রিমন আহমেমদ
নওগাঁর মান্দায় প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত মানের ইটের খোয়ার পরিবর্তে পরিত্যক্ত ইটভাটার নিম্নমানের ইটের খোয়া এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বালু ব্যবহার করে সড়কটির নির্মাণকাজ করা হচ্ছে। এতে সড়কটির নির্মাণমান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
মান্দা উপজেলার মৈয়ম ইউনিয়নের অহেদের মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বর্তমানে চলমান রয়েছে। স্থানীয়দের দাবি, সড়কটির নির্মাণকাজে ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি টাকা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বেস নির্মাণে ইটের খোয়া ও বালু ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত মানের ইটের খোয়া ব্যবহারের কথা থাকলেও নির্মাণকাজে একটি পরিত্যক্ত ইটভাটার নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে খোয়ার তুলনায় অতিরিক্ত পরিমাণে বালু ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদারকির অভাবেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। তবে অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শন এবং ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান পরীক্ষা করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয়দের আশঙ্কা, নিম্নমানের উপকরণ দিয়ে সড়ক নির্মাণ করা হলে অল্প সময়ের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দ সৃষ্টি হতে পারে। এতে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বাড়তে পারে।
এ কারণে দ্রুত নির্মাণাধীন সড়কটি পরিদর্শন করে ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান পরীক্ষা এবং কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদারি প্রতিষ্ঠানের এক ম্যানেজার বলেন, তাঁর বাড়ি ওই গ্রামেই। তিনিও চান, সড়কটির নির্মাণকাজ নির্ধারিত মান বজায় রেখে সঠিকভাবে সম্পন্ন হোক।
এ বিষয়ে মান্দা উপজেলা এলজিইডির প্রকৌশলী কর্মকর্তা আব্দুল কাদেরের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে—সাংবাদিকের ক্যামেরার সামনে কথা বলা যাবে না। তবে সম্প্রতি মান্দার বিভিন্ন সড়ক নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
নির্মাণাধীন সড়কটির কাজ নির্ধারিত নকশা ও প্রকল্পের স্পেসিফিকেশন অনুযায়ী হচ্ছে কি না, তা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পরিদর্শন এবং নির্মাণসামগ্রীর মান পরীক্ষা করা জরুরি বলে মনে করছেন এলাকাবাসী।
নওগাঁ প্রতিনিধি:
মোঃ রিমন আহমেমদ
তারিখ: ০৭-০৯-২০২৬ ইং