সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএনের শালবাগান ক্যাম্পের সদস্যরা। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্প-২৬ শালবাগানের এ/৪ ব্লকের কাঁচাবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
১৬ এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শালবাগান এপিবিএন ক্যাম্পের রাত্রিকালীন টহল দল ক্যাম্প-২৬-এর এ/৪ ব্লকে অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার একটি দোকান থেকে টেকনাফ মডেল থানার মামলায় ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি আবদুর রশিদ (২৪)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবদুর রশিদ ক্যাম্প-২৬, শালবাগান, এ/৪ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ২৭৫১৩৪। তিনি মো. রফিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আবদুর রশিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ২০২১ সালের একটি মামলা রয়েছে। মামলাটি ৩০ আগস্ট ২০২১ তারিখে দায়ের করা হয়।
গ্রেপ্তারের পর রাত সাড়ে ১০টার দিকে তাকে টেকনাফ মডেল থানার দায়িত্বপ্রাপ্ত মোবাইল টিমের ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. মর্তুজার কাছে হস্তান্তর করা হয়।
১৬ এপিবিএন জানিয়েছে, গ্রেপ্তার ও হস্তান্তরের বিষয়টি শালবাগান এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে নথিভুক্ত করা হয়েছে।