রাজিকুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের জমি মাপজোক ও দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাছলাড়ুয়া ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাছলাড়ুয়া ও নতুনবস্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে ঈদগাহ মাঠের জমির সীমানা ও দখল নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে ওই জমি মাপজোককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
স্থানীয়দের দাবি, সংঘর্ষের সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এতে নারীসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় উত্তেজনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঈদগাহ মাঠের জমির প্রকৃত মালিকানা, সীমানা ও দখলসংক্রান্ত বিষয়টি সংশ্লিষ্ট ভূমি কর্তৃপক্ষের নথি ও মাপজোকের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন বলে স্থানীয়রা জানিয়েছেন।