আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে রাজশাহীতে এক বিশাল আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে আয়োজিত এই কর্মসূচিতে রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব মোঃ রেজাউল করিম টুটুলের নেতৃত্বে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। মিছিল ও পথসভায় অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন মুন্ডুমালা পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আবু বাককার ও তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শরিফ মুনশিসহ স্থানীয় পর্যায়ের অসংখ্য নেতাকর্মী। ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, আবদুল মোনায়েম মুন্না ও মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি আগামী দিনের সরকারবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরও বেগবান করবে। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বক্তারা আরও বলেন, কেন্দ্রীয় যেকোনো নির্দেশনা বাস্তবায়নে রাজশাহী জেলা যুবদল রাজপথে সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করতে প্রস্তুত।