মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি
প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা ও প্রশাসনিক দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। এই বাস্তবতায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্বাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মসূচির চতুর্থ দফা সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) নগরীর শিক্ষানন্দ স্কুলের হলরুমে সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শেষ হয়। এর আগে ১৭ জুন শুরু হওয়া এই কর্মশালায় নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। ব্র্যাকের প্রশিক্ষক বিন্তু বনিক প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, শিক্ষাক্ষেত্রে এর কার্যকর প্রয়োগ, বিভিন্ন ডিজিটাল টুলসের ব্যবহার এবং আধুনিক পাঠদান কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী সরোয়ার খান মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষাবিষয়ক সম্পাদক মিসেস মালেকা আনোয়ার মায়া, নির্বাহী সদস্য উম্মে সালমা, শিক্ষানন্দ স্কুলের প্রধান শিক্ষক আলেয়া বেগম এবং দি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জেবুন্নেছা বেগম। প্রধান অতিথির বক্তব্যে কাজী সরোয়ার খান মনজু বলেন, বর্তমান যুগে প্রযুক্তিগত জ্ঞান ছাড়া মানসম্মত শিক্ষা কল্পনা করা যায় না। কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং শিক্ষকদের দক্ষ করে তোলার মাধ্যমেই শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করা সম্ভব। তিনি আরও বলেন, আধুনিক শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতি গ্রহণ এবং শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।