স্টাফ রিপোর্টার:
Diploma in Unani Medicine and Surgery (DUMS) এবং Diploma in Ayurvedic Medicine and Surgery (DAMS) সনদপ্রাপ্ত চিকিৎসকদের সনদের সমমান নিরূপণ, পেশাগত কর্মপরিধি নির্ধারণ এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি দেখা দিয়েছে। দফায় দফায় চিঠি চালাচালি এবং দীর্ঘ সময় পার হলেও এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট মতামত দিতে পারেনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
২ জুলাই, ২০২৬ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখা থেকে প্রকাশিত এক জরুরি দাপ্তরিক চিঠিতে এ তথ্য জানা গেছে। উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত ওই চিঠিতে (স্মারক নং-৫৯.০০.০০০০.১৪১.৪৮.৪৩.১৯-৫০২) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে উদ্দেশ্য করে পূর্বের যাচিত মতামত দ্রুত প্রদানের জন্য পুনরায় নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
সরকারি সংশ্লিষ্ট সূত্র ও চিঠির বিবরণী থেকে জানা যায়, DUMS ও DAMS সনদপ্রাপ্ত চিকিৎসকদের পেশাগত অধিকার, কর্মসংস্থান এবং সনদের সমমান নির্ধারণের দাবিটি দীর্ঘদিনের। এই বিষয়ে ‘বাংলাদেশ ইন্ডিজেনাস মেডিকেল সোসাইটি’র পক্ষ থেকে ২০২২ সাল থেকে শুরু করে চলতি বছরের মে মাস পর্যন্ত (সর্বশেষ ০৬ মে, ২০২৬) ধারাবাহিক বেশ কয়েকটি আবেদন ও স্মারকপত্র জমা দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ইতিপূর্বে ২০২৩ সালের অক্টোবর ও আগস্ট মাসে এবং সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখেও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট মতামত চেয়েছিল।
আজকের চিঠিতে মন্ত্রণালয় তাগিদ প্রকাশ করে উল্লেখ করেছে যে, দীর্ঘদিন অতিবাহিত হলেও এবং বারবার অনুরোধ করা সত্ত্বেও অদ্যাবধি অধিদপ্তরের পক্ষ থেকে কোনো মতামত বা প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। এমতাবস্থায়, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে পূর্বের যাচিত বিষয়ে দ্রুত মতামত প্রদানের জন্য অধিদপ্তরকে পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে।
“DUMS/DAMS-সনদপ্রাপ্ত ডাক্তারদের সনদের সমমান নিরূপন ও পেশাগত কর্মপরিধি নির্ধারণের বিষয়ে মতামত প্রদানের জন্য অনুরোধ করা হয়। কিন্তু অদ্যাবধি বর্ণিত বিষয়ে কোনো মতামত পাওয়া যায়নি। এমতাবস্থায়, যাচিত বিষয়ে মতামত প্রদানের জন্য নির্দেশক্রমে পুনরায় অনুরোধ করা হলো।”
বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং চিকিৎসকদের অধিকারের সাথে জড়িত হওয়ায় এই চিঠির অনুলিপি সদয় অবগতির জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট অতিরিক্ত ও যুগ্মসচিবদের (চিকিৎসা শিক্ষা) ব্যক্তিগত কর্মকর্তাদের পাঠানো হয়েছে। একই সাথে বাংলাদেশ ইন্ডিজেনাস মেডিকেল সোসাইটির সভাপতি ডা. আক্তার হোসেন-কে ও বিষয়টি অবহিত করা হয়েছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের ঐতিহ্যগত ও দেশজ চিকিৎসা ব্যবস্থার (Unani & Ayurvedic) সার্বিক উন্নয়ন এবং এই খাতে নিয়োজিত চিকিৎসকদের কর্মসংস্থান নিশ্চিত করতে এই সমমান ও কর্মপরিধি নির্ধারণ অত্যন্ত জরুরি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের দ্রুত ও কার্যকর মতামতের ওপরই এখন ঝুলে থাকা এই সিদ্ধান্তের ভবিষ্যৎ নির্ভর করছে।