কুষ্টিয়া প্রতিনিধি | মো: ইব্রাহিম খলিল
কুষ্টিয়া জজ কোর্টের সিনিয়র আইনজীবী এবং জেলার বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক আলহাজ অ্যাডভোকেট মো: লিয়াকত আলী আর নেই। অদ্য ১৩ জুলাই ২০২৬, সোমবার ভোরে কুষ্টিয়া শহরের থানাপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
১৯৪৯ সালের ১০ এপ্রিল জন্মগ্রহণ করা এই কীর্তিমান ব্যক্তি দীর্ঘ কর্মজীবনে আইন পেশার পাশাপাশি বহুবিধ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘দেশব্রতী’ পত্রিকার সম্পাদক ছিলেন। এছাড়া মহান মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর থেকে তার সম্পাদনায় ‘সাপ্তাহিক স্বাধীন বাংলা’ পত্রিকা প্রকাশিত হতো। পরবর্তীতে স্বাধীনতা-উত্তর কুষ্টিয়া শহর থেকে তার সম্পাদনায় প্রকাশিত হয় ‘সাপ্তাহিক দর্শক’।
বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ভাষা আন্দোলনের অন্যতম সংগঠন ‘তমদ্দুন মজলিস’-এর কুষ্টিয়া জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কুষ্টিয়া বড় জামে মসজিদের সেক্রেটারি, জেলা সমবায় সমিতির সভাপতি, ইমাম গাজ্জালী এনজিওর উপদেষ্টা, কুষ্টিয়া ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি ও লাইফ মেম্বার, প্রবীণ ক্লাবের নির্বাহী সদস্য এবং দোকান মালিক কল্যাণ সমিতির উপদেষ্টা হিসেবে তিনি কুষ্টিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি ফ্রিডম পার্টির কুষ্টিয়া অঞ্চলের সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেন। বিশিষ্ট বিএনপি নেতা মির্জা আব্বাস ছিলেন তার ভাইরা।
আজ বাদ আছর কুষ্টিয়া বড় জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, দুই ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শোক প্রকাশ:
মরহুমের মৃত্যুতে কুষ্টিয়ার আইন ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে ‘ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আল-আমিন মোল্যা এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা সুমন এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।