উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর রানীনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার ৪ নম্বর পারইল ইউনিয়নের পারইল মাঝি-পাড়া গ্রামে অভিযান চালিয়ে এই মূর্তিটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল গফুর হোসেনের ছেলে লিটন হোসেনের (৩৮) বাড়িতে কষ্টিপাথরের মূর্তি বেচাকেনা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে রানীনগর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানকালে লিটন হোসেনের বাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়।
স্থানীয় স্বর্ণকার দিয়ে মূর্তিটি পরীক্ষা করার পর জানা যায় যে, এটি কষ্টিপাথরের তৈরি এবং এর বর্তমান বাজারমূল্য প্রায় বিশ লক্ষ টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।