মোঃ সুমোন চৌধুরী, তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে ইসমত আরা বিবি (৩০) নামে এক নারীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী নারী উপজেলার ২ নম্বর বাধাইড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাইধারা গ্রামের বাসিন্দা।
ঘটনার বিবরণ: থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, একই গ্রামের মানিক, আবু ওহাব, মাইনুল ইসলাম, তহুরা বেগম, রহিমা বিবি, নার্গিস বিবি এবং নয়ন আলীর সাথে ইসমত আরা বিবির দীর্ঘদিনের পারিবারিক ও পূর্ব শত্রুতা চলে আসছিল। সেই ক্ষোভ থেকে গত শুক্রবার (২৬ জুন) দুপুরে হামলাকারীরা সংঘবদ্ধ হয়ে ইসমত আরার বাড়ির সামনে এসে অতর্কিত হামলা চালায়।
এ সময় হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। হামলায় ইসমত আরার মুখমণ্ডল, হাত, পা ও চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন।
থানায় অভিযোগ ও পুলিশের বক্তব্য: ঘটনার পর শারীরিক সুস্থতা ও ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী ইসমত আরা আজ তানোর থানায় অভিযুক্তদের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মাসুদ পারভেজ বলেন,আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পুলিশি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।