মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা গ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (০১ লা জুন) সকালে ওই গ্রামের কাবুল বিশ্বাসে গ্রুপ এবং ইকবাল শিকদার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১২/১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে কাবুল বিশ্বাস গ্রুপের রিজভী শিকদার নামে এক ব্যক্তি ইকবাল গ্রুপের লোকজনের বিরুদ্ধে নড়াগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অতঃপর এ অভিযোগকে কেন্দ্র করে আজ উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল), নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উভয় পক্ষকে থানায় ডেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাতে উভয় পক্ষের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।