মোঃ জাহাঙ্গীর আলম পাবনা( ঈশ্বরদী) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুতায়িত হয়ে সিয়াম হোসেন (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে পৌর এলাকার নারিচায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই এলাকার আরিফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশে নারিচা মশুড়িয়া উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী ধানের জমিতে একটি সেচ পাম্পের কাছে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়ে সিয়াম।
পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান জানান, বিদ্যুৎস্পর্শে কিশোর নিহতের ঘটনাটি অনেক পরে পুলিশকে জানানো হয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয়রা বৈদ্যুতিক সেচ পাম্প ব্যবহারে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।