মোঃ জাহাঙ্গীর আলম, পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধি:
ঈশ্বরদীতে এক অটোচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী থানাধীন জয়নগর শিমুলতলা বাজার এলাকায় এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত অটোচালক মোঃ আকাশ (১৯) উপজেলার উত্তর বাঘইল এলাকার মোঃ সামসুলের ছেলে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, বিকেলে জয়নগর শিমুলতলা বাজারে অবস্থানকালে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি লিচুর ঝুড়ি আনার কথা বলে আকাশের ব্যাটারিচালিত থ্রি-হুইলার “বোরাক” অটোটি ভাড়া নেয়। পরে তারা বাজার থেকে পূর্ব দিকে প্রায় ৩০০ গজ দূরে পৌঁছালে জোরপূর্বক গাড়ি থামায়। এসময় দুর্বৃত্তরা কালো কাপড় দিয়ে আকাশের মুখ বেঁধে ফেলে এবং তাদের হাতে থাকা ধারালো খুর দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। পরে তার প্যান্টের পকেটে থাকা টেকনো মডেলের একটি স্মার্টফোন ছিনিয়ে নেয় এবং আহত আকাশকে অটো থেকে ফেলে দিয়ে তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকের মতে, প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।