রিমন হোসেন, সৌদি আরব:
প্রতি বছরের ন্যায় এবারেও বাংলাদেশ থেকে পবিত্র হজ পালন করতে গিয়েছেন সৌদি আরব মক্কা শহরে।
পবিত্র হজ পালন করতে যাওয়া সৌদি আরবে এ পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া চারজন হজযাত্রীই পুরুষ এবং তাঁরা সবাই পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। তবে মদিনা, জেদ্দা বা মিনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত ২৬ এপ্রিল পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন হজযাত্রী নিরাপদে সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন হজযাত্রী রয়েছেন। বাংলাদেশ থেকে মোট ৮৯টি ফ্লাইটে তাঁরা সৌদি আরবে পৌঁছান, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৮টি, সৌদি এয়ারলাইন্স ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
গত ১৮ এপ্রিল হজযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেয়। হজ ফ্লাইট চলবে আগামী ২১ মে পর্যন্ত। আর হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা শেষ হবে ৩০ জুন।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।