শহীদ, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জের ঐতিহ্যবাহী কাস্টমস ঘাটের সিঁড়ি নির্মাণ, উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন কাজ পরিদর্শন করেছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের জাতীয় সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি।
আজ শনিবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে তিনি এই উন্নয়ন কাজ সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে নদীর পাড়ে বসে জকিগঞ্জের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এবং ঘাটের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেন, “জকিগঞ্জের কাস্টমস ঘাট শুধু একটি সাধারণ নদীঘাট নয়; এটি এই সীমান্ত জনপদের মানুষের আবেগ, দীর্ঘ ইতিহাস ও অফুরন্ত সম্ভাবনার প্রতীক। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছি।”
তিনি আরও জানান, ঘাটের আধুনিকায়ন, সৌন্দর্য বর্ধন এবং নতুন সিঁড়ি নির্মাণসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও একটি শিশু পার্ক নির্মাণের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। একটি সুন্দর, আধুনিক ও দৃষ্টিনন্দন কাস্টমস ঘাট গড়ে তোলার মাধ্যমে এই অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ করা হবে।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস,খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাফাদার, পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম, যুব মজলিস সিলেট জেলা শাখার সহসভাপতি খায়রুল ইসলাম, শ্রমিক মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস,খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ এবং খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সহকারী বায়তুল মাল সম্পাদক জাকির হোসাইনসহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবিব লায়েক,জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে এম মামুন, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তারেক আহমদ, দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুস শহীদ শাকির এবং স্বপ্নের টিভির পরিচালক সাইফুর রহমান প্রমুখ।
একটি আধুনিক ও দৃষ্টিনন্দন কাস্টমস ঘাট প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদ সদস্যের এমন আন্তরিকতা ও দূরদর্শী পরিকল্পনা স্থানীয় সাধারণ মানুষের মাঝে নতুন আশার আলো জাগিয়েছে।