আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
নওগাঁ জেলার ঢাকা বাসস্ট্যান্ড এলাকার তীব্র যানজট নিরসন, ট্রাক চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনার মানোন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের একান্ত উদ্যোগে আয়োজিত এই সভায় জেলা পুলিশ প্রশাসন এবং বাস-ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিতের আহ্বান: সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জনগণকে নিরাপদ, স্বস্তিদায়ক ও মানসম্মত পরিবহনসেবা প্রদান করা পরিবহন মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। তিনি পরিবহন সংশ্লিষ্টদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে বলেন, যাত্রীদের সাথে কোনো অবস্থাতেই অসৌজন্যমূলক আচরণ করা যাবে না।
পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়,যাত্রী হয়রানি বা যেকোনো ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি সকলকে নির্দেশ প্রদান করেন। তিনি পরিবহন কর্মীদের যাত্রীদের প্রতি আরও বেশি সহানুভূতিশীল ও শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।
সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের করণীয়: সড়ক দুর্ঘটনা ও যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে চালকদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। তিনি বলেন, ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ করা এবং ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামানোর কোনো বিকল্প নেই। সচেতনতার সাথে দায়িত্ব পালন করলেই কেবল একটি নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। পুলিশ সুপার জোর দিয়ে বলেন, পরিবহন মালিক, শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টাই পারে আমাদের সড়কগুলোকে নিরাপদ করতে।
মালিক-শ্রমিক নেতৃবৃন্দের আশ্বস্ত: সভায় উপস্থিত পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ পুলিশ সুপারের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা সভায় ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসন, ট্রাফিক নিয়ম মেনে ট্রাক পার্কিং ও শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবার মান উন্নয়নে পুলিশ প্রশাসনের সাথে পূর্ণাঙ্গ সমন্বয়ের মাধ্যমে কাজ করার সর্বাত্মক প্রতিশ্রুতি দেন।
উক্ত সভায় পরিবহন খাতের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের ফলে নওগাঁর সড়ক যোগাযোগ ব্যবস্থায় দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।