স্টাফ রিপোর্টার, শাহরিয়ার নাফিজ
রাজধানী ঢাকার আর্মি গলফ ক্লাবের পাম ভিউ রেস্টুরেন্টে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশিষ্ট লেখক, গবেষক ও উন্নয়ন চিন্তাবিদ আহমদ নিয়াজ রচিত বহুল প্রতীক্ষিত গ্রন্থ “দ্য গ্যালাক্সি অব ডেভেলপমেন্ট”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, উন্নয়নকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানটি কেবল একটি বই উন্মোচনের আনুষ্ঠানিকতা ছিল না, বরং এটি রাষ্ট্রগঠন, উন্নয়ন দর্শন ও টেকসই অগ্রগতি নিয়ে ভাবনার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রখ্যাত অর্থনীতিবিদ ও উন্নয়ন বিশ্লেষক প্রফেসর ড. মাহবুব উল্লাহ গ্রন্থটিকে উন্নয়ন গবেষণার ক্ষেত্রে একটি যুগান্তকারী সংযোজন হিসেবে অভিহিত করেন এবং গবেষণাভিত্তিক উন্নয়ন পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, এই গ্রন্থটি উন্নয়ন গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. বরকতে খোদা, প্রফেসর ড. তাজুল ইসলাম, কমোডর মীর ইমদাদুল হক, কর্ণেল রউফ ও শেখ মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, বিটিভিরক
প্রযোজক মোহাম্মাদ মোরশেদ আলম প্রিন্স, লায়ন খান আখতারুজ্জামান এবং আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের পরিচালক শেখ শরিফ উদ্দিন মিঠুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা উল্লেখ করেন যে, বইটিতে রাষ্ট্র, সমাজ ও অর্থনীতির বিভিন্ন দিক গভীর বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপিত হয়েছে, যা নীতিনির্ধারক ও শিক্ষার্থীদের জন্য একটি প্রয়োজনীয় রেফারেন্স হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষে প্রকাশক আফাজুল বাশার সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং উপস্থিত অতিথিরা এই আয়োজনটিকে দেশের জ্ঞানচর্চার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে আখ্যায়িত করেন।