আব্দুস সামাদ, রংপুর বিভাগীয় প্রতিনিধি।
লালমনিরহাটের হাতীবান্ধার ঠেংঝাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি বাইসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকাসহ ২ লাখ ৪৪ হাজার ৯৯ টাকার মালামাল জব্দ করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর ) দুপুরে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ ঠ্যাংঝাড়া বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় সুবেদার মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল হাতীবান্ধা থানার সীমান্ত পিলার ৮০০/৫-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম ঠ্যাংঝাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন।কিন্ত সংকেত পেয়ে তারা মোটরসাইকেল ফেলে রেখে পালানোর চেষ্টা করলে বিজিবি টহলদল ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তিরা হলেন— হাতীবান্ধা উপজেলার বাউরা ইউনিয়নের ঠ্যাংঝাড়া গ্রামের মোঃ সুলতান আলীর ছেলে মোঃ রাসেল হোসেন (২০) এবং একই গ্রামের শাহীন উদ্দিন সরকারের ছেলে মোঃ জেমস সরকার (১৯)।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজিবি জানায়, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ, পরিবহন ও বিক্রয়ের সাথে সরাসরি জড়িত।
পরবর্তীতে তাদের দেহে তল্লাশি চালিয়ে ১৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১টি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, ১টি হিরো বাইসাইকেল, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৪টি জিপি সিমকার্ড এবং নগদ ১১০ টাকা উদ্ধার করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২,৪৪,০৯৯/- (দুই লক্ষ চুয়াল্লিশ হাজার নিরানব্বই) টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রুখতে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।