ইব্রাহিম মিয়া,
ঝিনাইদহ, হরিণাকুন্ডু প্রতিনিধি :
ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলায় বাউল শিল্পী সিদ্দিক ফকিরের স্ত্রী জহুরা বাউল স্থানীয় সনাতন ধর্মাবলম্বী যুবক সচিনের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ঘর বাঁধার স্বপ্ন ও ভালোবাসা ছেড়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ উধাও হওয়ার এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিনাকুণ্ডুর বাসিন্দা বাউল সিদ্দিক ফকির ও তার স্ত্রী জহুরা বাউল দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন বাউল আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানে একসঙ্গে গান পরিবেশন করে আসছিলেন। গানের সুবাদেই জহুরার সঙ্গে পরিচয় হয় স্থানীয় যুবক সচিনের। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
সিদ্দিক ফকির জানান, বেশ কিছুদিন ধরেই সচিনের সঙ্গে জহুরার অতিরিক্ত যাতায়াত ও ফোনে কথা বলা নিয়ে সংসারে অশান্তি চলছিল। গত রোববার রাতে পরিবারের সবার অলক্ষে জহুরা ঘর থেকে বের হয়ে যান। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, জহুরা ও সচিন একসঙ্গে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। চলে যাওয়ার সময় ঘরে রক্ষিত নগদ অর্থ ও মূল্যবান স্বর্ণালংকারও নিয়ে গেছেন বলে দাবি সিদ্ধিকের।
এ ঘটনার পর থেকে সচিন ও জহুরা উভয়ের ফোন বন্ধ রয়েছে। সিদ্দিক ফকির বিষয়টি স্থানীয় মুরুব্বি ও পুলিশ প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছেন এবং আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
হরিনাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গান-বাজনার জগতের এই জোড়া শিল্পীর পারিবারিক ভাঙন ও ভিন্ন ধর্মের যুবকের সাথে পরকীয়া প্রেমের টানে চলে যাওয়ার বিষয়টি নিয়ে হরিনাকুণ্ডুজুড়ে মুখরোচক আলোচনা চলছে।